আহলুল বিদআহর প্রশংসাকারী থেকে সতর্ক থাকুন যে বলে, ‘ভালো দিকগুলো গ্রহণ করো আর মন্দ দিকগুলো বর্জন করো’: আল-বারবাহারি ও আল-ফাওযান

সালাফি দাওয়াহ বাংলা

ইমাম আবু মুহাম্মাদ আল-হাসান ইবনু আলি ইবনু খালাফ আল-বারবাহারি (মৃ. ৩২৯ হিজরি, রাহিমাহুল্লাহ) তাঁর শারহুস সুন্নাহয় (১৫২ নং পয়েন্ট) বলেছেন:

وإذا رأيت الرجل يذكر ابن أبي دؤاد والمريسي أو ثمامة وأبا الهذيل وهشام الفوطي أو واحدا من أتباعهم وأشياعهم فاحذره فإنه صاحب بدعة وإن هؤلاء كانوا على الردة واترك هذا الرجل الذي ذكرهم بخير ومن ذكر منهم
যদি কোনো ব্যক্তিকে ইবনু আবি দুআদ, বিশর আল-মারিসি, সুমামাহ, আবু হুযাইল, হিশাম আল-ফুতি—অথবা তাদের অনুসারী ও সমর্থকদের মধ্য থেকে কোনো একজনের প্রশংসামূলক আলোচনা করতে দেখো, তবে তার ব্যাপারে সতর্ক হও; কারণ সে একজন বিদআতি। আর এরা তো ইসলামত্যাগী ভ্রান্ত মতবাদের (রিদ্দাহ) ওপর প্রতিষ্ঠিত ছিল। সুতরাং যে ব্যক্তি তাদের প্রশংসা করে এবং যাদের যাদের সে প্রশংসা করে, তাদের বর্জন করো।
ব্যাখ্যা:

শাইখ সালিহ আল-ফাওযান তাঁর ইতহাফুল কারিতে (২য় খণ্ড, পৃ. ২৩৬) এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন:

“যদি তুমি কোনো ব্যক্তিকে দেখতে পাও, সে মন্দ লোক ও পথভ্রষ্ট আলিমদের—যেমন জাহমিয়্যাহদের বিভিন্ন শাখা-প্রশাখার অনুসারীদের—প্রশংসা করছে, তবে জেনে রাখো যে সে একজন পাপাচারী (ফাসিক), কলুষিত ও পথভ্রষ্ট ব্যক্তি। কারণ সে যদি তাদের প্রতি অন্তরে ভালোবাসা পোষণ না করতো এবং তাদের পথ ও মতকে পছন্দ ও সন্তুষ্টচিত্তে গ্রহণ না করতো, তবে সে কখনোই এমন লোকদের প্রশংসা করতো না। পক্ষান্তরে, যদি তুমি কাউকে দেখতে পাও, সে আহলুস সুন্নাহর—যেমন ইমাম আহমাদ ইবনু হাম্বল (মৃ. ২৪১ হি.) ও আব্দুল্লাহ ইবনুল মুবারাক (মৃ. ১৮১ হি.)—প্রশংসা করছে, এবং একইভাবে তাবিঈন যুগের শীর্ষস্থানীয় উলামা ও তাঁদের পরবর্তী ইমামগণের সুনাম করছে, তবে জেনে রাখো, সে একজন কল্যাণকামী সৎ লোক। কারণ, সে সুন্নাহর প্রতি ভালোবাসা এবং তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখার কারণেই কেবল আহলুস সুন্নাহর প্রশংসা করে।”

অতএব, এটা আমাদের জন্য শিক্ষা। কারণ আমাদের কিছু ভাই কিংবা তালিবুল ইলম কোনো কোনো বিদআতি, প্রবৃত্তির অনুসারী (আহলুল আহওয়া) ও ভ্রষ্ট মতাদর্শের লোকেদের প্রশংসা করে বসে। এর ফলে এই (ছাত্র) তাদের (ভ্রষ্ট) মতাদর্শ ও প্রবণতার প্রতি নজর দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়, এবং পরিশেষে আহলুল খাইরদের (কল্যাণের অনুসারী) সমালোচনা ও হেয়প্রতিপন্ন করার অপরাধে লিপ্ত হয়। কারণ সে তাদের (আহলুল বিদআহর) মুখে আহলুল খাইরদের সমালোচনা শোনে এবং তাদের কথা বিশ্বাস করে বসে। এটি একটি মহাবিপদ যে, সে আহলুল খাইরদের হেয় করছে, আলিম ও আহলুস সুন্নাহকে তুচ্ছজ্ঞান করছে, অথচ বাতিল ও ভ্রান্ত মতাদর্শের স্তুতি গাইছে! এটা অত্যন্ত ভয়াবহ এক বিপর্যয়! আর সে নিজে সশরীরে বিদআতিদের সাথে না বসলেও তা ঘটে থাকে। সুতরাং, এটাই সেই বিষয় যা থেকে আল-বারবাহারি আমাদের সতর্ক করছিলেন, যে বিষয়ে আমাদের যুগের বহু লোক পতিত হয়েছে।

লেখক (আল-বারবাহারি) বলেন: “ইবনু আবি দুআদ [১] এবং বিশর আল-মারিসি [২]...” এ দুজন ব্যক্তি তৎকালীন খলিফা আল-মামুনকে ইমাম আহমাদ ইবনু হাম্বলসহ (রাহিমাহুল্লাহ) অন্যান্য শীর্ষস্থানীয় উলামাদের ওপর নির্যাতন চালাতে প্ররোচিত করেছিল, যেন তাদের ওপর কঠোর শাস্তি প্রয়োগ করে জোরপূর্বক এই স্বীকারোক্তি আদায় করা যায় যে, কুরআন সৃষ্ট। সুমামাহ ইবনুল আশরাস [৩] ছিল চরম পথভ্রষ্ট লোকদের অন্যতম প্রধান নেতা।

আবু হুযাইল আল-আল্লাফ [৪] ছিল মুতাযিলাদের শীর্ষস্থানীয় নেতাদের একজন। হিশাম আল-ফুতিও [৫] ছিল বিদআতিদের একজন।

ইমাম আল-বারবাহারি (রাহিমাহুল্লাহ) বলেন, “...অথবা তাদের অনুসারী ও সমর্থকদের মধ্য থেকে কোনো একজনের [প্রশংসা করে], তবে তার ব্যাপারে সতর্ক হও”—অর্থাৎ, যদি তুমি কাউকে মন্দ ও ভ্রান্ত লোকদের প্রশংসা করতে দেখো, তবে তার থেকে সাবধান হও।

তাঁর এই কথা: “কারণ নিশ্চয়ই তারা ধর্মত্যাগের ওপর প্রতিষ্ঠিত ছিল...”—এর অর্থ হলো: তাদের মধ্যে কিছু লোক ছিল প্রকাশ্য ধর্মত্যাগী; জাহমিয়্যাহ ও মুতাযিলাহদের ইমাম। তারা জেনে-বুঝে ইচ্ছাকৃতভাবে কিতাব ও সুন্নাহর বিরোধিতা করেছিল। তাদের কুফরি সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই। যে ব্যক্তি অন্ধভাবে তাদের অনুসরণ করে, তাকে পথভ্রষ্ট হিসেবে গণ্য করা হবে। তবে তার ব্যাপারে কুফরির হুকুম (বিধান) প্রয়োগ করা হবে না, যতক্ষণ না বিষয়টি তার কাছে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়। অবশ্য তাদের ইমাম ও দুআতদের বেলায় তারা নিজেরা খুব ভালো করেই জানে তারা কী ধরনের পথভ্রষ্টতার ওপর রয়েছে। আর এ কারণেই তাদের ক্ষেত্রে সরাসরি রিদ্দাহ বা ধর্মত্যাগের হুকুম প্রযোজ্য হয়।

তাঁর এই কথা: “সুতরাং যে ব্যক্তি তাদের প্রশংসা করে, তাকে বর্জন করো।”—যে ব্যক্তি তাদের গুণাবলিকে বড়ো করে তুলে ধরে এবং তাদের স্তুতি গেয়ে বেড়ায়, তার কথায় প্রতারিত হয়ো না। হতে পারে কোনো ভ্রান্ত মতাবলম্বী ব্যক্তির মাঝে বাহ্যত কিছু ভালো বা প্রশংসনীয় গুণ আছে; কিন্তু সে যে পথভ্রষ্টতার ওপর রয়েছে, সেদিকে লক্ষ্য করো। তাই তার ভালো গুণের কোনো একটির দ্বারা প্রতারিত হয়ে তার অসংখ্য মন্দ বৈশিষ্ট্যের প্রতি উদাসীন হয়ে যেয়ো না। এটিও মহা হিকমাহ (প্রজ্ঞা)। কেননা কিছু লোক বলে: “অমুকের মধ্যে তো ভালো গুণও আছে!” অথচ সে যদি পথভ্রষ্ট হয়, তবে তার মাঝে কোনো কল্যাণ নেই। ঠিক যেমন একজন সুন্নাহর অনুসারী ব্যক্তি: তার চরিত্রে বা আচরণে সামান্য কিছু মানবীয় ত্রুটি বা মন্দ দিক থাকলেও তুমি তার সঙ্গ ত্যাগ করো না; বরং তার সাথেই থাকো, কারণ সে সুন্নাহর অনুসারী (সাহিবুস সুন্নাহ)।”

[শাইখের কথা সমাপ্ত]

অতিরিক্ত টীকা (আবু খাদিজাহ):

আমাদের বর্তমান যুগে আমরা দেখছি, ইন্টারনেট ও বিভিন্ন সম্প্রচারমাধ্যমের ব্যাপক বিস্তার ও প্রসারের কারণে আহলুল বিদআহর মতাদর্শ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, এবং এসব মাধ্যম এখন সাধারণ মানুষের হাতের নাগালে চলে এসেছে। ফলে যেকোনো পথভ্রষ্ট বিদআতি খুব সহজেই শত-সহস্র মানুষের কাছে তার ভ্রষ্টতা ও অপপ্রচার ছড়িয়ে দেওয়ার সুযোগ পাচ্ছে।

তাই সুন্নাহর অনুসারীর (অর্থাৎ, একজন সালাফি ব্যক্তির) দায়িত্ব হলো, দাওয়াহর প্রতি যারা সত্যনিষ্ঠ এবং বিপরীতে যারা নিজেদের সঠিক পথ ও সঠিক মানহাজের ওপর বলে দাবি করে অথচ পথভ্রষ্টতার দিকে আহ্বান করে, তাদের মধ্যে পার্থক্য নিরূপণ করা ও তাদেরকে চেনা।

ইমাম আল-বারবাহারির উপর্যুক্ত বক্তব্য এবং আল্লামাহ আল-ফাওযানের পরবর্তী ব্যাখ্যা আহলুস সুন্নাহর একটি অন্যতম মূলনীতি। আর তা হলো: আহলুল বিদআহ বা মুবতাদিআহ সম্পর্কে মানুষকে সতর্ক করা এবং তাদের প্রশংসা না করা। নিজের সুরক্ষার্থে এবং ওয়াহির দলিল-আদিল্লার বাস্তবায়নে তাদের দাঈ, প্রচারক ও উলামাদের পরিহার ও বর্জন করা।

সুতরাং এখন আপনি দেখতে পাচ্ছেন, ঐ ব্যক্তি কতটা পথভ্রষ্ট, যে বিদআতের নেতৃবর্গ ও তাদের দাঈদের প্রশংসা করে। আর ঐ ব্যক্তি কতো বেশি অকল্যাণের অধিকারী, যে বিদআতিদের সাথে একই মঞ্চে অংশগ্রহণ করে এবং সাধারণ মানুষকে তাদের থেকে “উপকৃত” হতে উৎসাহিত করে।

ইমাম আল-বারবাহারির এই কথাগুলো তথাকথিত বিভিন্ন ফিরকাহর (পথভ্রষ্ট দল ও মত) মাঝে অন্ধ ঐক্যের নাম ভাঙিয়ে ভ্রষ্টতার বিস্তার ঘটানো ব্যক্তি এবং তাদের আহলুল বিদআহর বিরুদ্ধে সালাফি উলামাদের সঠিক সমালোচনা ও খণ্ডনমূলক বক্তব্যকে স্তব্ধ করে দেওয়ার সেই অসৎ আকাঙ্ক্ষার বিরুদ্ধে এক শক্তিশালী অস্ত্র।

শাইখ আল-ফাওযান তাদের দাবিকে চূর্ণ-বিচূর্ণ করেছেন, যারা বলে, “আমি তাদের ভালো দিকগুলো গ্রহণ করবো এবং মন্দ দিকগুলো বর্জন করবো।” বরং বিদআতের প্রতি আহ্বানকারীদের কাছ থেকে কখনোই কোনো ধরনের “উপকার” নেওয়া যাবে না। কারণ তারা আপনাকে পথভ্রষ্ট করে ফেলবে, এমনকি একপর্যায়ে খোদ আপনিই আহলুস সুন্নাহর সমালোচনা ও আক্রমণ করতে শুরু করবেন। এটি এমন এক বাস্তবতা, যা আমাদের যুগে হরহামেশা দেখা যায় এবং অভিজ্ঞতার মাধ্যমে যা প্রমাণিত। দেখা যায়, কোনো ব্যক্তি (এমনকি একজন তালিবুল ইলমও) এমন কোনো ব্যক্তির সঙ্গ গ্রহণ করেছে, যে আহলুল বিদআহর প্রশংসা করে, কিংবা তাদেরকে হকের ওপর প্রতিষ্ঠিত বলে মনে করে, অথবা মনে করে যে, “ভালোটা গ্রহণ করে মন্দটা বর্জন করার” মাধ্যমে তাদের কাছ থেকে উপকৃত হওয়া সম্ভব। অথচ খুব অল্প সময়ের ব্যবধানেই সে নিজেও আহলুস সুন্নাহর সমালোচনা শুরু করে দেয় এবং তাদের উলামা ও অনুসারীদের থেকে দূরে সরে যায়। আর এ সবকিছুর অনিবার্য ও চূড়ান্ত পরিণতি হয় সম্পূর্ণ ও সামগ্রিক পথভ্রষ্টতায়। ইউরোপ ও উত্তর আমেরিকায় এজাতীয় ব্যক্তিত্বের উদাহরণ প্রচুর, যাদের কেউ কেউ আবার বিভিন্ন ইসলামি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রিধারী। তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে, পার্থিব পদমর্যাদা ও খ্যাতি কামনা করেছে এবং আহলুল বিদআহর মধ্য থেকেই এমন সঙ্গী বেছে নিয়েছে যারা তাদের এ অপকর্মে সহযোগিতা করে। ফলে তারা পথভ্রষ্টতার নেতাদের প্রশংসা করতে থাকে, আর সালাফি ও তাঁদের উলামাদের দোষত্রুটি খুঁজে বেড়ায়। তাদের সবচেয়ে বড়ো প্রতারণা ও ধোঁকাবাজি হলো, সালাফিয়্যাহ বা সালাফি মানহাজের প্রতি তাদের মিথ্যা ও মনগড়া সম্পৃক্ততার দাবি! ‘সালাফিয়্যাহ’ নামটিকে তারা মূলত একটি আড়াল বা পর্দা হিসেবে ব্যবহার করে, যাতে এর মাধ্যমে সহজ-সরল ও নিরীহ তরুণদেরকে নিজেদের ভ্রান্ত মানহাজের দিকে আকৃষ্ট করতে পারে। এ কারণেই যেকোনো সত্যসন্ধানীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের মূল ধারার উলামা, তাঁদের অনুসারী, তাঁদের মসজিদ এবং তাঁদের ইলমি মজলিসগুলোকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। একইসাথে প্রতারক ও পথভ্রষ্টতার দিকে আহ্বানকারীদের নাম ও পরিচয় সম্পর্কে ওয়াকিবহাল থাকা, যেন তাদের বর্জন ও পরিহার করা যায়।

ইমাম আল-বারবাহারির (রাহিমাহুল্লাহ) বাণীতে নিহিত অপর আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও উপকারিতা হলো, মানুষকে বিদআতিদের পথভ্রষ্টতা থেকে সতর্ক করার উদ্দেশ্যে তিনি তাদের নাম প্রকাশ করতে সংকোচ বা দ্বিধাবোধ করেননি। কোনো মন্দ বা ভ্রষ্টতা থেকে দুইভাবে সতর্ক করা যায়: প্রথমত, শুধু ব্যক্তির খারাপ গুণাগুণ বা বৈশিষ্ট্যগুলো বর্ণনা করে, যার সাথে কোনো সুনির্দিষ্ট নাম যুক্ত থাকে না; এবং দ্বিতীয়ত, সুনির্দিষ্টভাবে সেই বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তির সরাসরি নাম উচ্চারণ করে। এখানে ইমাম আল-বারবাহারি (রাহিমাহুল্লাহ) বিদআতের ইমামদের নাম উল্লেখ করেছেন, শাইখ আল-ফাওযানও তাঁদের নাম স্পষ্টভাবে তুলে ধরেছেন এবং কেন তাদের ব্যাপারে সুনির্দিষ্টভাবে সতর্ক করা হয় তার কারণ ব্যাখ্যা করেছেন। তাছাড়া, আমরা টীকায় উদ্ধৃত ইমাম আয-যাহাবি ও আল-হাফিয ইবনু হাজারের ‘জারহ ওয়াত তাদিল’-এর (সমালোচনা ও প্রশংসা) গ্রন্থাবলীতেও এসব বিদআতিদের বিরুদ্ধে কঠোর সমালোচনামূলক বক্তব্য দেখতে পাই। এটিই ছিল অতীত ও বর্তমানের সত্যিকার মুহাদ্দিসিনদের পদ্ধতি এবং আজও তা টিকে আছে। বাস্তবিক অর্থেই, সুন্নাহর বিরোধীদের চিহ্নিত করা ও তাদের কঠোর সমালোচনা করার এই ইলমি শাস্ত্র বা ধারা উলামাদের মাঝে চিরকাল বিদ্যমান ছিল। যেভাবে নবি (ﷺ) বলেছেন: “আমার উম্মাহর একটি দল সর্বদা সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবে। যারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে বা তাদের বিরোধিতা করে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না—এমনকি আল্লাহর আদেশ আসা পর্যন্ত তারা এই অবস্থাতেই অটল থাকবে।” [মুসলিম]

সমাপ্ত। [৬]

টীকা:
[১] ইমাম আয-যাহাবি (রাহিমাহুল্লাহ) বলেন: “আহমাদ ইবনু আবি দুআদ আল-কাদি—এক ঘৃণ্য, নিকৃষ্ট জাহমি। মৃত্যু ২৪০ হিজরি।” দেখুন: মিযানুল ইতিদাল ফি নাকদির রিজাল (১/২৩৩)।
[২] ইমাম আয-যাহাবি (রাহিমাহুল্লাহ) বলেন: “বিশর ইবনু গিয়াস আল-মারিসি: একজন পথভ্রষ্ট বিদআতি। তার থেকে বর্ণনা করা বৈধ নয়, এবং তাকে কোনো সম্মান দেওয়া হয় না। সে আবু ইউসুফের কাছে শিক্ষা লাভ করে, অতঃপর তাঁকে পরিত্যাগ করে—এরপর ইলমুল কালামে (মানতিক বা ধর্মতত্ত্বীয় বিতর্কশাস্ত্রে) বিশেষ পারদর্শিতা অর্জন করে। এরপর সে কুরআন সৃষ্ট হওয়ার আকিদাহ পোষণ করে এবং সে বিষয়ে বিতর্ক করে ব্যাপক কুখ্যাতি লাভ করে। সে জাহাম বিন সাফওয়ানের যুগ পর্যন্ত পৌঁছেনি [যে তার পূর্বে ছিল], কিন্তু সে তার কথা গ্রহণ করেছে, সেগুলোকে দলিল হিসেবে ব্যবহার করেছে এবং সেগুলোর দিকে মানুষকে আহ্বান জানিয়েছে।” দেখুন: মিযানুল ইতিদাল ফি নাকদির রিজাল (২/৩৫)। উলামাদের একদল তাকে কাফির বলে ঘোষণা করেছেন।
[৩] ইমাম আয-যাহাবি রাহিমাহুল্লাহ বলেন: “সুমামাহ ইবনু আশরাস আবু মাআন আন-নুমাইরি আল-বাসরি: মুতাযিলাদের প্রধান আলিম ও পথভ্রষ্টতার নেতাদের অন্তর্ভুক্ত।” প্রাগুক্ত, (২/৯৪)।
[৪] আল-বাগদাদি আল-ফারকু বাইনাল ফিরাক (পৃ. ১০৩)-এ বলেন: “আবু হুযাইল মুহাম্মাদ ইবনু হুযাইল, যে আল-আল্লাফ নামে সুপরিচিত। সে ছিল [আব্দুল কাইস] গোত্রের একজন মুক্তদাস। সে আস-সাবাইয়াদের বংশধরদের কর্মপদ্ধতি অনুসরণ করেছিল, কারণ তাদের থেকেই অসংখ্য বিদআত প্রকাশ পায়। তার সৃষ্ট ফাসাদের (বিপর্যয়) কোনো সীমা নেই; উম্মাহর সকল ফিরকাহ—এমনকি তার নিজ দল মুতাযিলাহ ও অন্যান্য ফিরকাগুলোর মধ্য থেকেও—তাকে কাফির বলে আখ্যা দিয়েছে।”
[৫] আল-হাফিয ইবনু হাজার (রাহিমাহুল্লাহ) লিসানুল মিযান (৬/১৯৫)-এ বলেন: “হিশাম ইবনু আমর আল-ফুতি: সে আবু হুযাইলের সঙ্গীদের অন্তর্ভুক্ত ছিল এবং ইতিযালের (মুতাযিলাহ মতের) দিকে একজন সক্রিয় আহ্বানকারী ছিল।” আরও দেখুন: আল-ফারকু বাইনাল ফিরাক (পৃ. ১৪৫)।
পূর্ববর্তী
কোনো মন্তব্য নেই
মন্তব্য লিখুন
comment url